নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসছিল কলেজছাত্রের মরদেহ

ছবি: আগামীর সময়
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুদিন পর রবিউল হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি উদ্ধার করা হয়।
রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকালে ওই গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বললেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



