শরণখোলা
বৈরী আবহাওয়ায় অনিশ্চিয়তায় দুবলার চরের রাস উৎসব

সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক রাস উৎসব। প্রবল ঝড়-বৃষ্টি, সমুদ্রের উত্তাল ঢেউ ও উৎসবস্থলে পানি জমে যাওয়ায় এবার জাঁকজমকপূর্ণ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও রীতিনীতি বজায় রাখতে সীমিত পরিসরে রাস পূর্ণিমার পূজা, অর্চনা ও পুণ্যস্নান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বন বিভাগের অনুমতি নিয়ে আগামী ২২ নভেম্বর সকাল থেকে পুণ্যার্থীদের দুবলার চরের আলোরকোলের পূজাস্থলে যাওয়ার কথা। ২৩ নভেম্বর রাতে তিথি অনুযায়ী অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর ভোরে সূর্যোদয়ের সময় সমুদ্রের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবের।
তবে এবারের উৎসবের আয়োজন নিয়ে শুরু থেকেই দুশ্চিন্তায় রয়েছেন আয়োজকরা। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আলোরকোলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। উৎসবস্থলে পানি জমে গেছে। প্যান্ডেল তৈরি করা হলেও তীব্র বাতাসের কারণে তাঁবু টাঙিয়ে রাখা যাচ্ছে না।
অন্যদিকে সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ছে চরের তীরে। এমন পরিস্থিতিতে পুণ্যার্থীদের যাতায়াত ও উৎসব আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলার চর ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, আলোরকোলে রাস উৎসব পালনের জন্য অস্থায়ী মন্দির নির্মাণ, রাধাকৃষ্ণের মূর্তি তৈরি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় আবাভানের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় উৎসব পালনে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উৎসবস্থলে পানি জমে গেছে, বাতাসের তীব্রতায় প্যান্ডেল ও তাঁবু টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, আয়োজক কমিটির সনাতন ধর্মাবলম্বী সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলেও ধর্মীয় রীতি, আবেগ ও ঐতিহ্য ধরে রাখতে সীমিত আকারে রাস পূর্ণিমার পূজা পালনের পক্ষে মত দিয়েছেন তারা। উৎসব আয়োজন ঝুঁকিপূর্ণ হলেও ধর্মীয় দিক বিবেচনায় সনাতনীদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দুর্যোগে তিনবার বন্ধ, এবারও প্রকৃতির বাধা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব পালনের সঠিক ইতহাস জানা না গেলেও কমপক্ষে একশত বছর ধরে এই রীতি পাুলত হয়ে আসছে, বিভিন্ন সূত্রে এমন তথ্যই পাওয়া যায়। ধারণা করা হয় ১৯২৩ সলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হিসেবে রাস পূজা পালন করে আসছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির কারণে গত ১৯ বছরে অন্তত তিনবার এ উৎসব পালন বন্ধ ও বাধাগ্রস্ত হয়েছে।
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। সেই ধ্বংসযজ্ঞের কারণে ওই বছর দুবলার চরের রাস উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। এরপর ২০১৯ সালে রাস উৎসবের সময় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানায় বন্ধ রাখা হয় উৎসব। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে জনসমাগম ও ধর্মীয় আয়োজন বন্ধ থাকায় অনুষ্ঠিত হয়নি রাস উৎসব।
তবে এবার আবারও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসব পালনে।
মেলা বন্ধ, ধর্মীয় আয়োজন সীমিত
একসময় রাস উৎসবকে কেন্দ্র করে দুবলার চরের আলোরকোলে বসত জমজমাট মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীরা সেখানে সমবেত হতেন। রাস পূজা ও মেলাকে লক্ষ্য করে আসতেন বিদেশি পর্যটকেরও। কিন্তু মেলাকে কেন্দ্র করে অতিরিক্ত মানুষের উপস্থিতি, বর্জ্য, শব্দ দূষণসহ সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। এ ছাড়া মেলায় আগত পূণ্যার্থীদের ছদ্মবেশে হরিণ শিকারী চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। বাড়তে থাকে হরিণসহ বন্য প্রাণীর শিকারের প্রবণতা।
ফলে জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২১ সাল থেকে রাস উৎসবের মেলা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে শুধু ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এই আয়োজন। বন বিভাগের বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সময় ও নির্ধারিত স্থানে পূজা, অর্চনা এবং পুণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে।
পুণ্যার্থীদের যাতায়াতে পাঁচটি রুট নির্ধারণ
রাস উৎসব উপলক্ষ্যে পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রতিবছরের মতো এবারও বন বিভাগ পাঁচটি রুট নির্ধারণ করেছে। এসব রুট ব্যবহার করেই পুণ্যার্থীদের আলোরকোলের পূজাস্থলে যাওয়া-আসা করতে হবে। নির্ধারিত রুটের বাইরে অন্য কোনো পথে সুন্দরবনে প্রবেশ বা যাতায়াতের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগের ভাষ্য
সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রাস উৎসব ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরিণ শিকারসহ বন্যপ্রাণী শিকাররোধে বন বিভাগের পাশাপাশি কোস্ট গার্ড ও নৌবাহিনীর একাধিক দল প্রস্তুত রাখা হয়েছে। সুন্দরবনের সংরক্ষিত এলাকায় যাতে কোনো ধরনের অনিয়ম, শিকার কিংবা পরিবেশবিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়নো হয়েছে। পূণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) থেকে তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট বন অফিস থেকে অনুমতিপত্র দেওয়া হবে। বন বিভাগের বেধে দেওয়া নিয়ম মেনে এবং নির্ধারিত রুট ব্যবহার করেই তাদের যাতায়াত করতে হবে। কোনো নিয়ম লঙ্ঘন করা হলে নওেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।



