ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ছবি: আগামীর সময়
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে রুহিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।
রুহিয়া থানার ওসি বদিউজ্জামান জানিয়েছেন, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন হবিজান বেগম। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি বদিউজ্জামান বললেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




