সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়কারীর ধাক্কায় জুলাইযোদ্ধা নিহত

আব্দুল বারেক
নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে ধাক্কায় আব্দুল বারেক (৭০) নামের এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন।
আজ সোমবার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়ার মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি চোখ হারিয়েছিলেন। আটক আতিকুল মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পৌরসভায় যানবাহন থেকে চাঁদা আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। তিনি কয়েকজনকে চাঁদা আদায়কারী হিসেবে নিয়োগ দেন। সোমবার ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা চাঁদা আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে মারামারির ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশায় থাকা অসুস্থ বারেক ও তার নাতি আরিফুল ইসলাম (২২) আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বারেককে মৃত ঘোষণা করেন।
আহত নাতি আরিফুল ইসলাম জানান, চালকের কাছে ২০ টাকার ভাঙতি না থাকায় তিনি যাত্রীদের কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু কারও কাছে ভাঙতি ছিল না। টাকা ছাড়া অটোরিকশা ছাড়তে না চাওয়ায় আরিফুল টোল আদায়কারীকে ১ হাজার টাকার একটি নোট দেন। সেই টাকা নিয়ে চাঁদা আদায়কারী সরে যাওয়ার সময় অসুস্থ বারেক অটোরিকশা থেকে নেমে টাকার বিষয়ে জানতে চান। তখন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আতিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেছেন, ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



