আম পাড়তে গিয়ে প্রাণ গেল কৃষকের
নোয়াখালী প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নোয়াখালীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে হাতিয়ার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালী গ্রামের বাদুরগো বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম ওই গ্রামের মো. বাদুরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং তিন সন্তানের পিতা।
স্থানীয়রা জানালেন, দুপুরে রান্নাঘরের পাশে থাকা একটি গাছে আম পাড়তে ওঠেন মো. ইসলাম। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে গাছ থেকে রান্নাঘরের টিনের ছাদের ওপর পড়ে যান। পরে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওছখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন উল্লেখ করেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। খবর পেয়ে ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ।




