বগুড়ায় প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গ্রাফিকস: আগামীর সময়
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসর আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
স্থানীয়দের বরাতে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আইয়ুব আলী জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যফেরত এক যাত্রী হায়েস মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন সাতজন স্বজন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকার ক্রসিংয়ে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় ভুট্টা বোঝাই ট্রাকটি মাইক্রোবাসের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত হন সাতজন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আইয়ুব জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




