চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের দাদা-দাদি আটক

বগুড়া মহানগরীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাহুল (২২) পলাতক থাকায় পুলিশ তার দাদা-দাদিকে আটক করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের নারুলী এলাকার ঘটনা এটি।
স্থানীয় সূত্র জানায়,, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়িতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয়রা রাহুলের দাদা-দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর আমাদের ঘর থেকে চারটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে আমাদের বিরোধ তৈরি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় আমাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানালে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেন।
শিশুটির বাবা আরও জানান, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করা হয়। এরপর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, ‘আমার মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলির অভিযোগ, অভিযুক্ত যুবকের সঙ্গে শিশুটির পরিবারের আগে থেকেই বিরোধ ছিল। বিচার চাইতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাদেরও ভয়ভীতি দেখানো হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে নারুলী ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তাদের নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশের হেফাজতে নিয়ে আসেন।
ওসি আরও বলেন, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় সর্বোচ্চ আইনিব্যবস্থা নেওয়া হবে।




