দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে আহত ৭ বছরের শিশু

আহত শিশু ওমর ফারুক
নেত্রকোনার মোহনগঞ্জে দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে আহত হয়েছে সাত বছর বয়সী শিশু ওমর ফারুক। গত মঙ্গলবার সকালে উপজেলার মানারকান্দি গ্রামের ঘটনা এটি। শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।
আহত ওমর ফারুক মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির (কেজি-১) শিক্ষার্থী।
এ ঘটনায় ওমর ফারুকের দাদি কোকিলা খাতুন বাদী হয়ে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০) ও তার ছেলে এমরানের (৩২) বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে অজ্ঞাতনামা আরও চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, স্কুলে যাতায়াতের পথে তাইজ উদ্দিনের বাড়ির সামনে তার পরিবারের শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি দাদি কোকিলা খাতুনকে জানালে অভিযুক্তদের কাছে এর প্রতিবাদ করেন। মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধরের শিকার হয় ওমর ফারুক। পরে নাতিকে সঙ্গে নিয়ে কোকিলা খাতুন অভিযুক্তদের বাড়িতে যান এবং বিচার চান।
অভিযোগে বলা হয়, বিচার শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন, তার ছেলে এমরানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। এ সময় তারা কোকিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তার কপালের ডান পাশে গুরুতর জখম হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন কোকিলা খাতুন ও ওমর ফারুককে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত সে ওই হাসপাতালে ভর্তি ছিল।
এ ঘটনায় পরদিন কোকিলা খাতুন বাদী হয়ে তাইজ উদ্দিন ও তার ছেলে এমরানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে অজ্ঞাতনামা আরও চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার পর থেকে তাইজ উদ্দিন ও তার ছেলে এমরান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওই দিনই মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত গ্রেপ্তার করে আইনিব্যবস্থা নেওয়া হবে।




