শ্রীপুরে রিসোর্টের ছড়াছড়ি, চড়া খরচে বাধাগ্রস্ত পর্যটনের সম্ভাবনা

গাজীপুরের শ্রীপুরে মাওনা ড্রিম স্কয়ার রিসোর্ট। ছবি: আগামীর সময়
শাল-গজারির সবুজ বন, প্রাকৃতিক পরিবেশ ও রাজধানীর কাছাকাছি অবস্থানের কারণে গাজীপুরের শ্রীপুরে দিন দিন বাড়ছে রিসোর্টের সংখ্যা। বিভিন্ন শ্রেণির পর্যটকের কাছে এসব রিসোর্ট আকর্ষণীয় হয়ে উঠলেও অতিরিক্ত খরচের কারণে সেখানে যেতে পারছেন না অনেকেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রিসোর্টগুলোর চড়া মূল্য পর্যটনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
শ্রীপুর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট, সারাহ রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, কোকোমো সানসেট রিসোর্ট, সবুজ পাতা, উৎসব, নক্ষত্র বাড়িসহ বিভিন্ন রিসোর্ট। এসব প্রতিষ্ঠানের রয়েছে থাকা, খাওয়া ও বিনোদনের নানা প্যাকেজ।
শ্রীপুরের সীমান্তবর্তী গাজীপুর সদর উপজেলার নলজানিতে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পায় এক রাত থাকার জন্য বিভিন্ন ধরনের ভিলার ভাড়া ১৩ হাজার ৮০০ থেকে ৩২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সকালের নাশতা ভাড়ার সঙ্গে থাকলেও দুপুর ও রাতের খাবারের জন্য আলাদা টাকা দিতে হয়।
শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নে সারাহ রিসোর্টে রয়েছে প্রিমিয়াম ভিলা, লেকসাইড ভিলা, ওয়াটার লজ, ট্রি হাউজ, হাউজ বোটসহ বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা। রুম ও ভিলার ভাড়া ১০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত। গ্রিন ভিউ রিসোর্টেও রয়েছে সুইমিংপুল, জাকুজি, কিডস জোন, মিনি চিড়িয়াখানা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এ বিষয়ে কথা বলতে রিসোর্টটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
সম্প্রতি শ্রীপুরের একটি রিসোর্টে এক রাত থাকার পর ঢাকার এক ব্যবসায়ী দাবি করেন, তার বিল হয়েছে ৩০ হাজার টাকার বেশি। তার মতে, এক রাতের জন্য এই খরচ অনেক বেশি। তবে ব্যস্ততার কারণে ঢাকার বাইরে যাওয়ার সুযোগ কম থাকায় রাজধানীর কাছাকাছি হওয়ায় গাজীপুরকে বেছে নেন তারা।
লতিফুর রহমান নামে আরেক পর্যটকের অভিযোগ, স্ত্রী-সন্তান নিয়ে একটি মাঝারি মানের রিসোর্টে গিয়েছিলেন। সেবার মান সন্তোষজনক হলেও খরচ তার কাছে বেশি মনে হয়েছে।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেছেন, গাজীপুরের প্রকৃতি ও বনাঞ্চল ঘিরে গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে অনেক রিসোর্ট। এসব রিসোর্টে সাধারণ মানুষের প্রবেশাধিকার ও খরচ দুটিই সীমিত। বন ও প্রকৃতি রক্ষায় রিসোর্টগুলোর কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ পর্যটক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান বলেছেন, ‘গাজীপুরে পর্যটন সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেক রিসোর্টের মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে। রিসোর্টের বিভিন্ন ইভেন্টের খরচ কমানো, সহজে প্রবেশের সুযোগ ও বুকিং ব্যবস্থা চালু করা গেলে পর্যটক বাড়বে।’ পাশাপাশি পর্যটন সম্ভাবনাময় এলাকায় উপজেলা পর্যায়ে পর্যটন কর্মকর্তা নিয়োগেরও দাবি জানিয়েছেন তিনি।



