শ্রেণিকক্ষে বিষের শিশি ভেঙে বিষক্রিয়া, অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

ছবি: আগামীর সময়
পাবনায় শ্রেণিকক্ষে বিষক্রিয়ায় অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন থাকলেও সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুলতান মাহমুদের ভাষ্য, দুপুরে ষষ্ঠ শ্রেণির বালিকা শাখায় প্রথমে দুই-তিনজন ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে ওই শ্রেণির আরও অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী একটি ছোট শিশি নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে। কিছুক্ষণ পর সেটি মেঝেতে পড়ে ভেঙে যায়। এরপরই একে একে শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনি শুরু হয়। পরে অনেকেই অচেতন হয়ে পড়ে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের একাধিক চিকিৎসক জানিয়েছেন, একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই শিশির পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিভিন্ন ব্যক্তি হাসপাতালে যান। তারা চিকিৎসকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান এবং অভিভাবকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।




