৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব: পানিসম্পদ মন্ত্রী

আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও চলমান বলে জানালেন তিনি।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে পোনা মাছ অবমুক্ত করার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
পানিসম্পদ মন্ত্রী বলেছেন, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চলছে। খালে থাকা কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। বর্তমানে পানির প্রবাহও রয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একটা জাগরণ সৃষ্টি হবে। দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দিই, অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব।
তিনি আরও বলেছেন, মাছে ভাতে বাংলাদেশের মানুষ, এটা নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেরা নিজেদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেছেন, গ্রামীণ অবকাঠামো ও পরিবেশের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কর্মসূচিতে স্থানীয়ভাবে সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।




