পানিতে পাম্পের পাইপ বসানোর সময় ভেসে যান সাঙ্গুতে, ৪৮ ঘণ্টা পর লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি

নুরুল আলম
বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর নুরুল আলম (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বালাঘাটা হর্টিকালচার পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নুরুল আলম গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সাঙ্গু সেতু-সংলগ্ন বোটঘাটা এলাকায় পানি তোলার পাম্পের পাইপ বসানোর সময় প্রবল স্রোতে ভেসে যান।
পরে তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে বালাঘাটা হর্টিকালচার পয়েন্টে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




