তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

রেলওয়ে ব্রিজের নিচে উৎসুক জনতার ভিড়, ছবি : আগামীর সময়
গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর আবু ইউনুস (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ অপর শিশু নিরবকে (৯) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১টার দিকে টঙ্গীর জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদ থেকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। সে টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ইউনুস ও নিরব তুরাগ নদে মাছ ধরতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তারা দুজনই নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করেন ডুবুরিরা। টানা অভিযানের পর বেলা ১টার দিকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানিয়েছেন, শিশু দুটির নিখোঁজের খবর পাওয়ার পর বুধবার বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু করা হয়। রাতে অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হলেও বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল আবারও কাজ শুরু করে।
পরে বেলা ১টার দিকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। নিখোঁজ অপর শিশু নিরবকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




