মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী
বন্যায় পরশুরামের মানুষ অনেক কষ্ট করেছে, এবার অবসান

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বন্যায় ফেনীর পরশুরামের মানুষ দীর্ঘদিন অনেক কষ্ট করেছেন। এবার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কারণে সেই কষ্টের অবসান হবে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে পরশুরামের মির্জানগর ইউনিয়নের ঘাটঘর স্টিল ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বৃহত্তর নোয়াখালীর লাখ লাখ মানুষকে বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকার এ প্রকল্প নিয়েছে। দেশের মানুষের জন্য কাজ করতে হবে বলে এ সময় তিনি উল্লেখ করেন।
নিজের নানাবাড়ি এলাকার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বহু বছর পর তিনি নানাবাড়ি এলাকায় এসেছেন। ১৯৮৪ সালে প্রথম এখানে আসেন তিনি। পরে ১৯৯১ সালেও এসেছিলেন।
১৯৯১ সালের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় তার মা নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি নির্বাচনী প্রচারণায় এ এলাকায় এসেছিলেন। তখন বর্তমান সড়কটি ছিল না। মির্জানগর বিডিআর ক্যাম্প পর্যন্ত তারা গিয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, জনগণের কল্যাণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।




