শিবগঞ্জ
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে কমিটি গঠন

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের খাবার খাওয়ার পর তারা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়।
অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে সব শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
বিদ্যালয়টিতে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ‘গাক’। এর আগে একই প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খেয়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঘটনাটি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসা শেষে সব শিশুই এখন পুরোপুরি সুস্থ। তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
তিনি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।




