কাফনের কাপড় নিয়ে অনশন, প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ প্রার্থী

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে দিনভর অনশন করেন তারা। সংগৃহীত ছবি
অনশনে বসা ময়মনসিংহের ২২ প্রার্থীর মধ্যে ২০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র পেয়েছেন।
গতকাল বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে কাফনের কাপড় নিয়ে দিনভর অনশন করেন তারা। মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এসব তথ্য জানিয়েছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান।
তিনি জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন ও কাগজপত্রের ত্রুটি থাকার কারণে এতদিন তাদের নিয়োগ আটকে ছিল।
নিয়োগের চূড়ান্ত খবর পেয়ে সরকার ও সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন নিয়োগ পাওয়া প্রার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংশ্লিষ্টরা জানিয়েছেন, শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলে ময়মনসিংহ জেলায় ২৫৯ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে ১৮ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। অন্য ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। ২২ জনের নিয়োগ স্থগিত ছিল। তারা গতকাল অনশন করেন।




