বরিশালে দুর্গন্ধের উৎস খুঁজতে তালাবদ্ধ ঘরে মিলল সাবেক স্কুলশিক্ষিকার মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালে আমেনা খানম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিলেন। বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায়। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।
শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানিয়েছেন, এক বছর আগে আমেনা তার বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন। তিনি একা থাকতেন। মাঝেমধ্যে তার ছেলে ও ভাগ্নে দেখতে আসতেন তাকে। দুদিন আগেও আমেনার সঙ্গে দেখা হয়। গতকাল তার ভাগ্নে তাকে খুঁজতে এসেছিলেন। কিন্তু বাসার দরজা তালাবদ্ধ ছিল। হঠাৎ করে রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে আমেনার ছেলে রিফাতকে জানানো হয়। রিফাত ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি খাটের ওপরে দেখতে পায় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।




