সীমান্ত থেকে আড়াই লাখ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
রবিবার রাতে সীমান্ত পিলার-৩১ এর নিকটবর্তী নয়াপাড়া নামক স্থান থেকে এসব ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, মাদক কারবারিরা মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করছে— এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল আনুমানিক রাত ১১টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তখন চোরাকারবারিরা ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়ে যান। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেছেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের কার্যকর তৎপরতায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





