উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) এ ব্লক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টা ২৫ মিনিটে মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও আসাদুজ্জামান আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প-৮/ইস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় জুবায়েরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন।
পরে জুবায়েরের দেখানো স্থানে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কয়েক মাস আগে ওই স্থানে গর্ত করে অস্ত্র ও গুলি পুঁতে রেখেছিলেন জুবায়ের।
উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার জুবায়েরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।




