শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা বন্ধ যান চলাচল

সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয় পুলিশ। ছবি: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিক মো. তরিকুল, মো. মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর প্রতিশ্রুতি দিয়েছিল সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেয়নি কর্তৃপক্ষ। আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।
এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতনের পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেছেন, ‘সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। তারা অনুরোধে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন।’
বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।




