পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

নিহত ইব্রাহিম সিপাহী। ছবিটির মান বৃদ্ধিতে এআইয়ের সহায়তা নেওয়া হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এসময় একের পর এক ককটেল ফাটানো হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্প।
আজ রবিবার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘটে এসব ঘটনা।
নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় গুলিতে ইব্রাহিম নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে আগের দিন শনিবার রাত থেকেই সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এ সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষের মধ্যে বিএনপির নেতাকর্মীদের কয়েকটি অস্থায়ী ক্যাম্প ও ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ ছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেওয়া হলে ভেতরের আসবাবসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সাঈদ আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
সংঘর্ষের সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থানরত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় অবস্থান নেন।
অবরোধ ও সংঘর্ষের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছে জাজিরা থানা-পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানিয়েছেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঘটনার পর আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




