রাজবাড়ী
ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

ছবি: আগামীর সময়
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে কেউ না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
গত ১৯ নভেম্বর সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন না কেউ। ফলে প্রয়োজনীয় সনদ ও নাগরিক সেবা পেতে ইউনিয়ন পরিষদে গিয়ে ফিরে আসতে হচ্ছে সেবাগ্রহীতাদের।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম আগামীর সময়কে বলেন, নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি দু-একদিনের মধ্যেই এটি হবে।
সেবা নিতে আসা শান্তা খাতুন বলেন, গত এক সপ্তাহ ধরে ইউনিয়ন পরিষদে ঘুরছেন তিনি। কিন্তু চেয়ারম্যান না থাকায় ওয়ারিশ সনদ পাচ্ছেন না। একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন সদর ইউনিয়নের বাসিন্দা সেলিম মোল্যা।
নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এখানে উপজেলা প্রশাসন কিছুটা বিব্রতকর পরিস্থিতি পড়েছে। প্রথম প্যানেল চেয়ারম্যান হিসেবে কেউ দায়িত্বপালন না করতে চাইলে প্রশাসক দেয়া যায়। এর বাইরে হলে আইনী ঝুঁকি রয়েছে। প্যানেল চেয়ারম্যান হিসেবে এরই দ্বিতীয় অবস্থানে থাকা তাছির উদ্দিন মোল্যা দৌড়ঝাঁপ করছেন। প্রথমে থাকা বাচ্চুও বিষয়টিতে নিশ্চুপ অবস্থানে, তবে তাছিরের উদ্দিনে তার সমর্থন রয়েছে।
জন্মনিবন্ধন না হওয়ায় ভোটার হতে পারছেন না সোনিয়া আক্তার। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মতো কেউ না থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টি সংশ্লিষ্টদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। দ্রুত প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক নিয়োগ দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তিনি।
ইউপি সচিব বিধান বিশ্বাস বলেন, প্রতিদিন অর্ধশত মানুষ ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, জন্মসনদ নিতে আসে। গত ১৯ তারিখের পর এই কাজগুলো বন্ধ রয়েছে। দ্রুতই এর সুরাহা হওয়া দরকার।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি নিয়ে বালিয়াকান্দি ইউএনওর সঙ্গে কথা বলব।




