তামাকের ক্ষতি রাজস্ব আয়ের দ্বিগুণের বেশি
- সুরক্ষায় বিধিমালা করছে সরকার : মাহ্দী আমিন

নারী মৈত্রী আয়োজিত যুব সম্মেলন
তরুণদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। তরুণদের সুরক্ষায় এ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। আজ রবিবার শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের তরুণদের ওপর। আর এই তরুণদের তামাক থেকে দূরে রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন করতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান সহজলভ্যতা ও ব্যবহার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই ঝুঁকি নিরসনে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তরুণদের উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ, সহশিক্ষা কার্যক্রমসহ সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।’
সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তামাক ব্যবহারকারী দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি, ৩৫ দশমিক ৩ শতাংশ। ভারতে এ হার ২৮ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯ দশমিক ১ শতাংশ। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন।
টোব্যাকো অ্যাটলাস ২০২৫-এর তথ্য অনুযায়ী, তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া কয়েক লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের গবেষণার তথ্য তুলে ধরে সম্মেলনে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় ছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। অন্যদিকে তামাক ব্যবহারের কারণে মৃত্যু, স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ তামাক খাত থেকে পাওয়া রাজস্বের তুলনায় এর অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি দ্বিগুণেরও বেশি।
অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা বলেন, ‘বর্তমান সরকার তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্যকে রক্ষা করতে বদ্ধপরিকর। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে বর্তমান সরকার তার নীতিগত ভিত্তি তৈরি করেছে। এখন এই আইনের বিধানগুলোকে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও কার্যকর কাঠামোর মধ্যে আনতে বিধিমালার প্রয়োজন। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব, অগ্রাধিকার ভিত্তিতে যেন বিধিমালা প্রণয়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে যায়।’
ডা. সৈয়দ আকরাম হোসাইন বলেন, হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্যের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা জরুরি। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (এফসিটিসি) অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা তৈরি করতে হবে।
সম্মেলনে তরুণরা নিজেদের সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরেন। তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর অধীনে দ্রুত বিধিমালা প্রণয়ন এবং নতুন ধরনের তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি শিশু, কিশোর ও তরুণদের কাছে তামাকজাত পণ্যের সহজলভ্যতা কমাতে খুচরা শলাকা, খোলা তামাক ও প্যাকেটবিহীন তামাকজাত পণ্যের বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলির সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিবানী ভট্টাচার্য ও খালেদা ইসলাম। এ ছাড়া তামাকবিরোধী ইয়ুথ ফোরাম, তামাকবিরোধী মায়েদের ফোরাম, তামাকবিরোধী শিক্ষক ফোরাম ও তামাকবিরোধী নারী সাংবাদিক ফোরামের সদস্যরা অংশ নেন। তারাও দ্রুত বিধিমালা প্রণয়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।



