নাহিদের সফর ঘিরে মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা

সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা। ছবি: আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মাদারীপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, নাহিদ ইসলামের সফরের খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে মহাসড়কের একটি অংশে কয়েকজন ব্যক্তি টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন। তাদের মুখ ঢাকা থাকায় স্থানীয়রা কাউকে শনাক্ত করতে পারেননি। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় কয়েকজনের ধারণা, নাহিদ ইসলামের সফর বাধাগ্রস্ত করা কিংবা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে টায়ারে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুর্বৃত্তরা সড়কে আগুন জ্বালিয়ে পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।
এদিকে মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনায় সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা আতঙ্কিত হওয়ার পাশাপাশি যান চলাচলও ব্যাহত হতে পারে।




