মানিকগঞ্জ
পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

দোয়াত আলী আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান
পরীক্ষা এলেই কপাল খুলে যায় মানিকগঞ্জের দোয়াত আলী আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমানের। ভারী হয় তার পাঞ্জাবির পকেট। অবিভাবকদের কষ্টের টাকা অনায়াসে ডুকে যায় তার পকেটে। সরকারি পরিপত্রের বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে।
মানিকগঞ্জের দোয়াত আলী আলীম মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৯২৯ জন। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিষয় রয়েছে ৬টি। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিষয় ৯টি, পঞ্চম শ্রেণিতে বিষয় ৭টি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিষয় রয়েছে ১৩টি। এ ছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিষয় রয়েছে ১৫টি বিষয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি পরিপত্রের বিধিমালা অনুযায়ী প্রতি বিষয়ের জন্য যেকোনো সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বিষয়ের জন্য পরীক্ষার ফি আদায় করতে পারবেন ৩০ টাকা। তবে কোনো প্রতিষ্ঠান পরিপত্রের নিয়মের বাহিরে অতিরিক্ত ফি আদায় করলে, তার যুক্তিসঙ্গত বিষয় উল্লেখ্য থাকতে হবে এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের আলোচনা সাপেক্ষে বাড়াতে হবে। অন্যথায় পরিপত্রের বাহিরে বেশি টাকা আদায়ের সুযোগ নেই।
অথচ যেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেই একটি বিধান বানিয়ে প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পযন্ত ২০০ টাকা, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পয্যন্ত ৫০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০০ টাকা, নবম থেকে দ্বাদশ শ্রেণি পয্যন্ত ৮০০ টাকা আদায় করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান।
মানিকগঞ্জের দোয়াত আলী আলীম মাদ্রাসা সূত্রে আরো জানা যায়, প্রথম শ্রেণিতে ছাত্র ছাত্রী সংখ্যা ৪৫ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৫, তৃতীয় শ্রেণিতে ৫৭ জন, চতুর্থ শ্রেণিতে ৯০ জন পঞ্চম শ্রেণিতে ৬৮ জন, ষষ্ঠ শ্রেণিতে ১৬১ জন, সপ্তম শ্রেণিতে ১৫২ জন, অষ্টম শ্রেণিতে ৯৯ জন, নবম শ্রেণিতে ৪৩ জন, দশম শ্রেণিতে ৮১ জন, একাদশ শ্রেণিতে ৪৭ ও দ্বাদশ শ্রেণিতে ৫১ জন।
আর এসব ছাত্র-ছাত্রীদের কাছে থেকে সরকারি পরিপত্র অনুযায়ী আদায় করার কথা ছিল ৩ লক্ষ ২১ হাজার ৫১০ টাকা। আর তিনি আদায় করেছেন ৫ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা। হিসাব অনুযায়ী অতিরিক্ত ফি আদায় করেছেন ২ লক্ষ ৬৭ হাজার ৯৯০ টাকা। এই অতিরিক্ত টাকার কোথায় গেছে কে কে ভাগ পেয়েছে এই বিষয়ে কোনো কিছুই জানাতে নারাজ এই অধ্যক্ষ মতিউর রহমান।
প্রতিষ্ঠানটির নবম শ্রেণির শিক্ষার্থী রাতুল আহমেদ, আবিরুল আলম, সিফাত হোসেন জানায়, বার্ষিক পরীক্ষার ফি ৮০০ টাকা করে দিতে হয়েছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আছিয়া ইসলামও অতিরিক্ত ফি প্রদানের বিষয়টি স্বীকার করে।
প্রতিষ্ঠানের বেতন আদায়ের কয়েকটি রশিদের কপি এসেছে এই প্রতিবেদকের হাতে। রশিদে দেখা গেছে, চয়নিকা নামের ষষ্ঠ শ্রেণির নিকট হতে বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা আদায় করা হয়েছে। সিফাত নামের অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থীর নিকট হতে বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া সাদিয়া আক্তার নামের নবম শ্রেণির আরেক শিক্ষার্থীর নিকট হতে বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৮০০ টাকা আদায় করা হয়েছে।
একাধিক অবিভাবক অভিযোগ করে বলেন, আমাদের ছেলে-মেয়েরা এই মাদ্রাসায় পড়াশোনা করে শিক্ষকরা যখন যা বলে যা দিতে বলে তাই দিতে হয়। আমাদের ছেলে মেয়েরা বাড়িতে এসে বলে পরীক্ষার জন্য এত টাকা দিতে হবে আমরা দেই কিন্তু আমাদের কষ্ট হলেও সেই টাকা দিতে হয়।
অভিভাবকরা জানান, অধ্যক্ষের চাহিদামতো টাকা না দিলে ছেলে মেয়েদের পরীক্ষায় অংশ নিতে দিতে চান না। অনেক সময় টাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণও করেন অধ্যক্ষ মতিউর রহমান।
বিষয়টি নিয়ে দোয়াত আলী আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি।
তিনি বলেন, প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য বা বক্তব্য দেবেন। তার প্রতিষ্ঠানের এসব তথ্য বা তার বক্তব্য নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানা এই প্রতিবেদকে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন আগামীর সময়কে বলেন, পরিপত্রে নির্ধারিত ফির বেশি আদায়ের সুযোগ নেই। নিয়ম লঙ্ঘন করে কেউ অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।




