খুলনা
৪৮ ঘণ্টায় হামের উপসর্গে মারা গেছে ৩ শিশু

ছবিঃ আগামীর সময়
খুলনায় গত ৪৮ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু। এর মধ্যে খুলনায় দুজন, কুষ্টিয়ায় একজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৭ শিশু।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন দুই বছরের শিশু চাঁনের মৃত্যু হয় শনিবার (১১ এপ্রিল)। খবরটি নিশ্চিত করেন খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হুসাইন আলী। চাঁনের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায়। তার বাবা গোলাম রসুল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা ১ হাজার ৯৫। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৭৯৯ শিশু। এ ছাড়া হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। এ সময় সন্দেহজনক হামে মারা গেছে ১০ শিশু। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলায়।
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৭৬ শিশু চিকিৎসাধীন। এ সময় হাসপাতাল ছেড়েছে ২৮২ জন। সন্দেহজনক হামে মারা গেছে ৮ শিশু। এ ছাড়া যশোরে ৯২ শিশু, খুলনায় ৮৭, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১৩, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫৭, মেহেরপুরে ৩৩, নড়াইলে ২৬ এবং সাতক্ষীরায় ৫২ জন চিকিৎসাধীন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৭ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ২৬, খুলনায় ৯, মাগুরায় ৫, নড়াইলে ৩, মেহেরপুরে ৩ ও চুয়াডাঙ্গায় এক শিশু হাসপাতালে ভর্তি।
















