সিরাজদিখানে মধ্যরাতে শ্রমিক দলের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রমিক দলের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে মুখোশধারী তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব পাশ থেকে কার্যালয়ের দিকে যাচ্ছেন। আজ শনিবার সকালে কার্যালয় খুলতে এসে আগুন লাগানোর বিষয়টি দেখতে পান বাদশা মিয়া।
বাদশা মিয়া জানালেন, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা কার্যালয়ে ছিলেন। পরে সবাই বাড়ি ফিরে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। সকালে এসে তারা কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে বাদশা মিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে উপজেলা শ্রমিক দল তৎপর থাকায় তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




