জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫

সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বুধবার দিবাগত রাতে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা কেউই মির্জাপুরের বাসিন্দা নন। পার্শ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন তারা।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



