বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

জমিতে সার দিতে গেলে দুই ভাইকে কুপিয়ে জখম। ছবি: আগামীর সময়
পটুয়াখালীর বাউফলে জমিতে সার দিতে গেলে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের পরিবারের দাবি, প্রায় ১৫ বছর আগে তাদের বাবা ইব্রাহিম মৃধা মারা যান। এরপর তাদের চাচা নাসির মৃধা বাড়ি ও জমি দখলে রাখেন। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় না। সেখানে গেলে মারধর ও হুমকি দেওয়া হয়। এ কারণে দীর্ঘদিন ধরে তারা পাশের গ্রাম মান্দারবণে নানাবাড়িতে বসবাস করছেন।
পরিবারের অভিযোগ, রবিবার সকালে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবু ও মুসাকে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




