এবার বলেশ্বর নদে গরুর ওপর কুমিরের আক্রমণ, আতঙ্ক

ছবি: আগামীর সময়
আবারও কুমির আতঙ্ক দেখা দিয়েছে বাগেরহাটের শরণখোলার বগী গ্রামের বাসিন্দাদের মধ্যে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে কচুরিপানা খাওয়ার সময় একটি গাভীর ওপর হামলা চালায় বিশাল একটি কুমির। এ সময় স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে গাভীটি ছেড়ে দিয়ে নদীতে চলে যায় কুমিরটি।
কুমিরের আক্রমণে গাভীটির পেছনের অংশ ও ওলান মারাত্মক জখম হয়েছে। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন গাভীটিকে।
তবে হামলার পরও এলাকা ছেড়ে যায়নি কুমিরটি। কিছুক্ষণ পরপর বলেশ্বর নদে ভেসে উঠতে দেখা যাচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর শরণখোলার দক্ষিণ সাউথখালীর বাবলাতলা ও গাবতলা-সংলগ্ন বলেশ্বর নদে ১২ থেকে ১৩ ফুট লম্বা একটি কুমির দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। তখন কুমিরটি দেখতে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমেছিল। সেই কুমিরটিই ফের বলেশ্বর নদে ফিরে এসে বগী এলাকায় গবাদি পশুর ওপর হামলা চালিয়েছে বলে বন বিভাগ ও স্থানীয়দের ধারণা।
ক্ষতিগ্রস্ত গাভীর মালিক পুতুল বেগম বলেছেন, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদ থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের দিকে আক্রমণ করে। কুমির গাভীটিকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে গাভীটিকে ছেড়ে দেয় কুমির। তার গাভীটি ভরন্ত, দাম প্রায় ৮০ হাার টাকা।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের মধ্যে রাসেল ও সুজন বলেছেন, দুপুরে তারা কয়েকজন নদীর পাড়ে বসে ছিলেন। এ সময় একটি কুমির গাভীটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়।
তারা বলেছেন, গাভীটির পেছনের অংশ ও ওলান গুরুতর জখম হয়েছে। কুমিরটি নদীতে চলে গেলেও এলাকা ছাড়েনি। কিছুক্ষণ পরপর ভেসে উঠতে দেখা যাচ্ছে। বারবার কুমিরের দেখা মেলায় নদীতে গোসল, মাছ ধরা, শিশু এবং গবাদি পশু নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেছেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে। এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেছেন, গরুর ওপর কুমিরের হামলার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।
তিনি আরও বলেছেন, আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের আশপাশে একটি কুমিরের বিচরণ রয়েছে। সেটি মাঝেমধ্যে রেঞ্জ অফিসের সামনের নদীতে চলে আসে এবং পরে আবার আলীবান্দা এলাকায় ফিরে যায়। প্রায় দুই সপ্তাহ আগে কুমিরটি একবার বলেশ্বর নদে চলে গিয়েছিল। বগী এলাকায় দেখা কুমিরটিও সেটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




