গোবিন্দগঞ্জে দুই মাস ধরে শিশুসহ ৫ নারী নিখোঁজ

গ্রাফিকস: আগামীর সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন শিশুসহ পাঁচ নারী প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ২ আগস্ট দুপুরে উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে তারা নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও এখনো তাদের সন্ধান মেলেনি বলে স্বজনদের দাবি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শান্তনা বেগম (৪৫), বড় মেয়ে জিনাত আকতার (২৫), জান্নাতুল মাওয়া আরশ (১২), সাজ্জাদুর রহমান সানি (৮) এবং আড়াই বছরের নাতনি হুজাইফা খাতুন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকালে সাইফুল ইসলামের স্ত্রী, মেয়ে ও নাতনিসহ পাঁচজন বাড়ি থেকে নিখোঁজ হন। সেদিন রাতে সাইফুল ইসলাম বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এমনকি নিখোঁজদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সাইফুল ইসলাম জানান, পরে তিনি বাড়িতে থাকা নগদ ৮১ হাজার টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং কিছু আসবাবপত্রও দেখতে পাননি। এতে বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।
ভুক্তভোগী সাইফুল ইসলামের অভিযোগ, গত ৫ আগস্ট নিখোঁজের ঘটনায় তিনি গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ জিডি না নিয়ে লিখিত অভিযোগ দিতে বলে। পরে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও পুলিশের সঙ্গে এ বিষয়ে মতবিরোধ তৈরি হয়।
তার অভিযোগ, রাজনৈতিক চাপের কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও এক পর্যায়ে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেয় পুলিশ।
তবে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক এ সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ পাঁচজনকে খুঁজে বের করতে দেশের সকল থানায় তাদের ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে।
এদিকে, ৩ শিশুসহ নিখোঁজ পাঁচজনের সন্ধান গত দুই মাসেও না পাওয়ায় পরিবারটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তাদের সন্ধান বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।





