হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে শিশুর মৃত্যু
রংপুর ব্যুরো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল— সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শাওন নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ শিশু।
আজ রবিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার রাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে শাওনের মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে একজন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের ৩০ মার্চ থেকে রবিবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে এবং ২ হাজার ৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫২ জন রোগী।







