সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকেপড়া ৫৫০ পর্যটক

সেন্টমার্টিন থেকে সাড়ে ৫০০ পর্যটক টেকনাফে ফিরেছেন। ছবি: আগামীর সময়
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদের মধ্যে জরুরি প্রয়োজনে দ্বীপ ছাড়তে আগ্রহী সাড়ে ৫০০ স্থানীয় বাসিন্দা ও পর্যটককে ১১টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে সাগর উত্তাল থাকায় নিয়মিত জাহাজ চলাচল বন্ধ আছে। ফলে বাকি পর্যটকদের কবে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ১১টি সার্ভিস ট্রলার টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারগুলো পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, জরুরি প্রয়োজন, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে দ্বীপ ছাড়তে আগ্রহীদের এসব ট্রলারে করে টেকনাফে পাঠানো হয়েছে। এখনো বেশ কিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, এখনো ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ রয়েছে। তবে শনিবার সংকেত কমে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল রবিবার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করতে পারে। আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে হোটেল ভাড়া কমিয়েছেন দ্বীপের ব্যবসায়ীরা। সেন্টমার্টিন হোটেল মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান জানিয়েছেন, অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল রবিবার থেকে জাহাজ চলাচল আবার শুরু হতে পারে। তবে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটককে কবে নাগাদ ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে দ্বীপে অবস্থানরত পর্যটকেরা আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন।




