গভীর সমুদ্রে বিকল বোট, ৮ জেলেকে উদ্ধার

উদ্ধার করা আট জেলে
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি সাগরে ভাসতে থাকে।
গতকাল বিকাল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মোবাইল ফোনে বোটের মালিককে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে গভীর সমুদ্রে বিকল বোটটি শনাক্ত করে আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জরুরি পরিস্থিতিতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।




