কেরানীগঞ্জে ফের ইয়াবা কারখানার সন্ধান, ২ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মো. নাছির (৪৫)। সংগৃহীত ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফয়সাল ইসলাম মিঠু (৪২) ও মো. নাছির (৪৫)।
গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়।
অধিনায়ক নয়মুল উল্লেখ করেন, ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে কারখানার মালিক নাছিরকে গ্রেপ্তার করা হয়। নাছির ইয়াবা প্রস্তুতকারক ও কেমিস্ট। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক বলেছেন, ‘গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বাজারজাত করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। ওই অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়েছিল।





