অভয়ারণ্যে মৎস্য আহরণ: সুন্দরবনে দুই দিনে আটক ৯ জেলে

সংগৃহীত ছবি
অভয়ারণ্যে ঢুকে মাছ ধরার অপরাধে আবারও আটক হয়েছেন দুই জেলে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির ছাপড়াখালী খালে মাছ ধরার সময় তাদেরকে আটক করেন বনরক্ষীরা।
আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামের আইউব আলীর ছেলে মো. সরোয়ার ও একই গ্রামের ওহিদ মিয়ার ছেলে মো. শামীম।
ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ১ হাজার ৫০ ফুট চরপাটা জাল, দুটি নৌকা, ৩০টি গাব গাছের কচাসহ বিভিন্ন মালামাল, এমনটাই জানিয়েছে বন বিভাগ।
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে জাল-নৌকাসহ আটক করা হয়েছিল সাত জেলেকে। বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাদেরকে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, আগেরদিন রাত সাড়ে ৮টার দিকে শ্যালারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে অভয়ারণ্য এলাকা থেকে আটক করেন ওই দুই জেলেকে।
তারা বৈধ পাস নিয়ে নিষিদ্ধ খালে চরপাটা জাল পেতে মাছ ধরছিলেন। আটকদের শ্যালারচর ফরেস্ট অফিসে হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।



