দুই বাসের মাঝখানে পড়ে প্রাণ গেল অটোরিকশার যাত্রী-চালকের

গাজীপুরে যাত্রীবাহী দুই বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী (৩৫) ও চালকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম।
রইদে ঝলমল তুষি
০৩ জুন ২০২৬
প্রত্যক্ষদর্শীরা জানালেন, ঢাকা থেকে গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা টাঙ্গাইল-মধুপুরগামী বিনিময় পরিবহনের আরেকটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুই বাসের মাঝখানে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়। মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মো. আশরাফুল বলেছেন, ‘দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে যান চলাচল বিঘ্নিত হয়। বাম লেনে যান চলাচল বন্ধ থাকলেও অপর লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।’





