ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

ছবি: আগামীর সময়
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশের অভয়াশ্রম ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। জেলেদের জালে ইলিশ উঠলেও পরিমাণে তা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ কমে গেছে, বেড়েছে দাম।
মেঘনা-তেঁতুলিয়া নদীর বিভিন্ন মৎস্যঘাটে মাছ কেনাবেচায় কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা গেলেও বড় আকারের ইলিশের উপস্থিতি তুলনামূলক কম। একাধিক মৎস্যঘাট ঘুরে দেখা গেছে এমন চিত্রই।
চরফ্যাশনের নতুন স্লুইস মৎস্যঘাটের জেলে আকতার চৌকিদার জানালেন, গত বছরের তুলনায় এ সময়ে নদীতে ইলিশের উপস্থিতি অনেক কম। একই কথা বলেন সামরাজ মৎস্যঘাটের জেলে বিল্লাল হোসেন। তার ভাষ্য, দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা প্রত্যাশিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না। ফলে বাজারে সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেশি।
ইলিশ কিনতে আসা আমিনুল ইসলাম বলেছেন, বাজারে সিন্ডিকেটের কারণে খুচরা পর্যায়ে বেশি দামে ইলিশ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।
এ বিষয়ে চরফ্যাশন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেছেন, জাটকা সংরক্ষণ ও বড় ইলিশের উৎপাদন বাড়াতে ভোলা-চাঁদপুর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল— দুই মাস ইলিশ আহরণ বন্ধ ছিল। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে আপনারা দুই মাস নদীতে মাছ না ধরে সরকারকে সহযোগিতা করে ইলিশসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নিষেধাজ্ঞা শেষে ১ মে থেকে নদীতে মাছ ধরা শুরু হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। ফলে জেলেদের মধ্যে বিরাজ করছে হতাশা।




