ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন। পরে কয়েকটি দলে ভাগ হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের জন্য চলে যান।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানিয়েছেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার ও তালমা পয়েন্ট, সদরপুর ও চরভদ্রাসন এলাকা ছাড়াও শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা দায়িত্ব পালন করছেন।
চন্দন দেবনাথ আরও জানালেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।




