মাদ্রাসার হলে আগুন, শিক্ষক ও আয়ার উদ্যোগে বাঁচল ২৮ শিশু

টাঙ্গাইলে মাদ্রাসার আবাসিক হলে লাগা আগুন থেকে শিশু শিক্ষার্থীদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দুই শিক্ষক ও এক আয়া। মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে সখীপুর দারুল আতফাল মাদ্রাসার আবাসিক হলে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে মাদ্রাসার ছাত্রী হলে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। হলে তখন ঘুমিয়ে ছিলেন ২৮ শিশু শিক্ষার্থী, দুইজন শিক্ষক ও আয়া। আগুনের তাপে ঘুম ভেঙে যায় শিক্ষক নাসরিন আক্তার, সুমাইয়া আক্তার এবং আয়া সুফিয়া আক্তারের। তারা কক্ষ থেকে বের হয়ে খুঁজে পান একটি ভাঙা মই। সেটি দিয়ে টয়লেটের ছাদ দিয়ে একে একে নিরাপদে নিচে নামান শিশুদের।
স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক জুলহাস উদ্দিন বলেছেন, ‘গভীর রাতে ডাকাডাকি ও চিৎকারে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি পাশের মাদ্রাসার একটি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। শিক্ষকরা ঝুঁকি নিয়ে শিশুদের বের করে আনছেন।’
মাদ্রাসার পরিচালক মো. নূরুল ইসলাম জানান, আমাদের প্রাথমিক ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ‘আবাসিক শিক্ষক নাসরিন, সুমাইয়া ও আয়া সুফিয়া ঝুঁকি নিয়ে শিশুদের উদ্ধার করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি’- বললেন তিনি।
পরে সখীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।




