ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বললেন শ্রমমন্ত্রী

ছবি: আগামীর সময়
সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আজ শনিবার সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হামে হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারের গাফিলতিকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬
তিনি বলেছেন, শুধু সভা-সমাবেশ নয়, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।
ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে সংগঠন পরিচালিত হলে তাদের প্রকৃত স্বার্থ ও প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে।
এ সময় তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে কার্যকর ও প্রতিনিধিত্বশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী আরও বলেছেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর। ফলে এখানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনের ক্ষেত্রে সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
তিনি বলেছেন, অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন আয়োজন করা হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এসব কার্যক্রম পরিচালনা করা উচিত।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।





