স্বামী নামাজে, হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বগুড়া প্রতিনিধি

সংগৃহীত ছবি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার জানালা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলার ঘটনা এটি।
নিহত শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।
সোলায়মান হোসেন জানান, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ১২ অক্টোবর শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় স্ত্রীকে ওয়ার্ডে রেখে নামাজ পড়তে যান তিনি। এ সময় শিরিন ছয়তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে নিচে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-ই-মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।




