মেঘনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা চিকিৎসার জন্য পাশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন জামাল ও সালমা। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।
স্থানীয়দের ভাষ্য, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও একই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সেই বিরোধ আরও প্রকাশ্য রূপ নিয়েছে। দুজনই চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে রবিউল্লাহ রবি সরকারের বাড়ির সামনে আবদুল বারেকের অনুসারীরা পাঁচটি বাজি ফোটান। এ ঘটনার জের ধরে গতকাল সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০ জন আহত হন।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



