বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাহবুর রহমান বললেন, পুকুরটিতে সাধারণত মানুষের আনাগোনা কম। যারা সেখানে গোসল করতে যান, তারা দ্রুত গোসল সেরে চলে আসেন।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।






