‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করা হবে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মাহফুজুর রহমান বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনবে না।
আজ শনিবার বিকালে ১১-দলীয় ঐক্য খুলনার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ সব কথা বলেন।
খুলনা নিউ মার্কেটের বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগরী আমির বলেছেন, আমাদের জেল-জুলুম, অত্যাচারের ভয় দেখাবেন না। এসব পার করে আমরা আজ এখানে এসেছি। যদি দেশ ভালো চালাতে চান, তবে সময় থাকতে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমরা আপনাদের সহযোগিতা করব।
তিনি উল্লেখ করেন, যারা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ তাদের ছাত্র-জনতা মাত্র ৩৬ দিনে ১৭ বছরের ক্ষমতার মসনদ ভেঙে দিয়েছে। আজকে যারা গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না ,তাদের ৩৬ দিন নয়, ৩৬ ঘণ্টায় বিতাড়িত করতে পারে এদেশের ছাত্র-জনতা।
তিনি আরও বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির প্রতারণা জনগণ বুঝে গেছে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
১১-দলীয় ঐক্যের খুলনার সমন্বয়কারী শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশীদ, খেলাফত আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খেলাফত আন্দোলনের খুলনা জেলা সহ-সভাপতি মো. সাকিবুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির নজিবুর রহমান প্রমুখ।




