ময়মনসিংহ
ভাগ্য বদলের আশায় গিয়েছিলেন সৌদি, ২৭ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

মৃদুল হাসান সৌরভ। সংগৃহীত ছবি
পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের তরুণ মৃদুল হাসান সৌরভ (২৩)। কিন্তু প্রবাসে যাওয়ার মাত্র ১৬ মাসের মাথায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুর ২৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে দেশে ফিরেছে তার মরদেহ।
নিহত সৌরভ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। গত ১০ অক্টোবর সৌদি আরবে জন্ডিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
সৌরভের পরিবারের সদস্যরা জানান, একমাত্র ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দিশেহারা হয়ে পড়েছিল পরিবারটি। মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান।
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সৌরভের মরদেহ। এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন প্রতিমন্ত্রী ইয়াসের।
মরদেহ দেশে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক সরকারি সহায়তা হিসেবে নিহতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘প্রবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সবসময় প্রবাসী ভাইদের এবং তাদের পরিবারের পাশে রয়েছে।’
সৌরভের বাবা সোহরাব হোসেন বললেন, ‘একমাত্র ছেলের মৃত্যুর পর কী করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কীভাবে ছেলের মরদেহ দেশে আনব, তা নিয়েও দুশ্চিন্তায় ছিলাম। পরে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ছেলের মরদেহ দেশে আনতে পেরেছি।’
শুক্রবার রাতেই সৌরভের মরদেহ তার গ্রামের বাড়ি দেউলডাংরা গ্রামে পৌঁছায়।
আজ শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।




