সিলেটে বাসার বাথরুমে মিলল যুক্তরাষ্ট্রফেরত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

নিহত নুরুল ইসলাম
সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি বটি পাওয়া যায়।
নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুমে নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি বটি দা উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. আফজাল হোসেন বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা দল কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে তদন্ত চলছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।



