কুমিল্লার ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৭৯

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
স্থানীয়রা জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যার ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট একযোগে অভিযান চালায়। কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বললেন, পুলিশের এ অভিযান কিশোর অপরাধী ও তাদের পরিবারের জন্য একটি বার্তা। ভবিষ্যতে কোনো সন্তান যাতে বিপথগামী না হয়, সে জন্য বাবা-মাসহ পরিবারের দায়িত্বশীলদের নজরদারি থাকতে হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।



