জ্বালানি তেলের দাম বাড়ায় মেহেন্দিগঞ্জ-বরিশাল লঞ্চভাড়া বৃদ্ধি

সংগৃহীত ছবি
মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল নৌপথে বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ডেকের ভাড়া ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং আপার ক্লাসের ভাড়া ১৫০ টাকা থেকে ১৯০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীদের ভাড়াও ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ভাড়া নির্ধারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কোনো নির্দেশনা নেই বলে জানা গেছে। লঞ্চ মালিক সমিতি এককভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থা বরিশাল জোনের সচিবের সই করা চিঠিতে নতুন ভাড়ার বিষয়টি জানানো হয়। মেহেন্দিগঞ্জ একটি দ্বীপ উপজেলা হওয়ায় বরিশাল শহরে যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ ব্যবসা, চিকিৎসা, আইনি সেবা ও শিক্ষার প্রয়োজনে এ পথে যাতায়াত করেন। হঠাৎ ভাড়া বাড়ায় তাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
নতুন ভাড়ায় ডেক বা নিচতলার যাত্রীদের কাছ থেকে ১৪০ টাকা নেওয়া হচ্ছে, যা আগে ছিল ১২০ টাকা। আপার ক্লাস বা দোতলার ভাড়া ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীদের ভাড়া ৮০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ভাড়া বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি চাপ পড়েছে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের ওপর। বিশেষ করে প্রতিদিন নদীপথে যাতায়াত করা শিক্ষার্থী ও কর্মজীবীদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে।
ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর-আগুন
২২ সেপ্টেম্বর ২০২৬
নিয়মিত যাতায়াত করা যাত্রী শামছুল করিম বলেন, ‘সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই হঠাৎ করে মালিক সমিতি একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি করেছে। ভাড়া বৃদ্ধি করায় দৈনন্দিন ব্যয় বেড়ে যাচ্ছে।’ দ্রুত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান তিনি।
লঞ্চসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ পরিচালনার ব্যয় বেড়েছে। জ্বালানি ও আনুষঙ্গিক পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা প্রয়োজন হয়েছে।
ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা বরিশাল জোনের সচিব আমির হোসেন আগামীর সময়কে জানান, ‘জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় খরচ বেড়েছে। তাই ব্যয়ের সঙ্গে সমন্বয় করতে সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিআইডব্লিউটিএর নির্দেশনা ছাড়া ভাড়া বাড়ানোর এখতিয়ার মালিক সমিতির আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা অনুমোদন পেতে অনেক সময় লাগবে। তাই আমরা আপাতত এ সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে বরিশাল নদীবন্দরের বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সলেমান আগামীর সময়কে বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি জানেন না। আগামীকাল মালিক সমিতির সঙ্গে কথা বলে বিষয়টি দেখবেন।




