সুন্দরবনে ফাঁদসহ আটক ৪ হরিণ শিকারি, কাঁকড়া ও নৌকা জব্দ

ছবি: আগামীর সময়
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী এলাকা থেকে চার হরিণ শিকারিকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে চাঁদপাই স্টেশন ও আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা অভিযান চালিয়ে আটক করেন তাদের।
এ সময় শিকারিদের একটি নৌকাসহ আড়াই মণ কাঁকড়া, ৩০০ ফুট হরিণ শিকারের মালা ফাঁদ এবং কাঁকড়া ধরা ৫০টি চারু জব্দ করা হয়।
আটক শিকারিরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জোমাদ্দার (৩৩) ও রুহুল জোমাদ্দার (৩৫)।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানালেন, আটক চার শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে টাকু ফরিদ কুখ্যাত হরিণ শিকারি। তার নামে একাধিক বন মামালা রয়েছে। কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়ে আবার হরিণ শিকারে নেমে পড়েন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বললেন, আটক ব্যক্তিরা চিহ্নিত হরিণ শিকারি। হরিণ শিকার তাদের মূল পেশা। একই সঙ্গে কাঁকড়াও আহরণ করেন তারা।
ডিএফও আরও উল্লেখ করেন, বর্তমানে নিষেধাজ্ঞা চলছে সুন্দরবনে। ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস সব ধরনের বনজসম্পদ আহরণ ও পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ফাঁকে অপতৎপরতায় লিপ্ত হয় বন অপরাধীরা। এসব অপরাধী যাতে কোনোভাবেই সফল হতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ।




